রাসেল আহমেদ:
কুমিল্লার হোমনা উপজেলায় মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমেরিকাপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ দেলোয়ার মমিন। তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, অসুস্থ রোগীর চিকিৎসা ও গৃহনির্মাণে মোট ৫০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের মাইজচর গ্রামের প্রসিদ্ধ মমিন বাড়ির মরহুম সিদ্দিকুর রহমানের সন্তান দেলোয়ার মমিন এই অনুদান প্রদান করেন। এই সহায়তার আওতায় ৫৭টি মসজিদ ও মাদ্রাসাসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কল্যাণে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত দেলোয়ার মমিন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এই মহতী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুদান প্রদানকালে দেলোয়ার মমিন বলেন, “আমি আমার হোমনা উপজেলাকে নিয়ে স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় একটি সুন্দর, মানবিক ও উন্নত হোমনা গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “আমরা সবাই যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই, তবে অবশ্যই একটি সমৃদ্ধ ও মানবিক সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।”