মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একটি দেওয়ানি মামলার শুনানিতে আসা বিচারপ্রার্থী নারী ও তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে জুনিয়র কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। রোববার দুপুরের এ ঘটনায় আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
আহত রাজিয়া সুলতানা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাখাওয়াত হোসেন খান, ইসমাইল, হিরণ, শাহ আলম, টিটু, রাসেল বেপারীসহ মোট ১২ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
ভুক্তভোগী রাজিয়া জানান,
তার স্বামী ইরফান মিয়ার কাছে জনৈক ইসমাইলের ২৫ লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘ এক বছর ধরে টাকা না দিয়ে ইসমাইল টালবাহানা করছেন। এ ঘটনায় আদালতে মামলা চলমান। রোববার মামলার শুনানিতে তারা আদালত ভবনে প্রবেশ করার সময় বিবাদীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন—
“আমাকে ও আমার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। এতে আমরা রক্তাক্ত আহত হই। আমাদের সন্তান জিদান (১৭) এবং আব্দুল্লাহ (৫) এগিয়ে এলে তাদেরও মারধর করে বিবাদীরা।”
ঘটনায় রাজিয়া সুলতানা ও তার স্বামী গুরুতর আহত হওয়ায় চিকিৎসা নিতে হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন—
“অভিযোগটি পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সম্পন্ন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় আইনজীবীদের একটি অংশ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আদালত এলাকার নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।