১৬ বছর পর রাজস্থান রয়্যালসে ফিরলেন রবীন্দ্র জাদেজা

স্বাধীন স্পোর্টস ডেস্ক:

আইপিএল ২০২৬-এর আসন্ন মৌসুমকে সামনে রেখে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রাজস্থান রয়্যালসের মধ্যে বড় অদলবদলের খবর নিশ্চিত হয়েছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই অদলবদলে রাজস্থান রয়্যালস পাচ্ছে রবীন্দ্র জাদেজা ও ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে। অন্যদিকে, সঞ্জু স্যামসন যাচ্ছেন চেন্নাইয়ে। শনিবার ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন ঘোষণার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিগত কয়েকদিন ধরে এই অদলবদল নিয়ে প্রচুর আলোচনা চলছিল। চেন্নাই ধীরে ধীরে এমএস ধোনির পরবর্তী সময় নিয়ে পরিকল্পনা করছে। সঞ্জু স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলের নেতৃত্বে ফাইনালে পৌঁছেছিলেন। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ইতোমধ্যেই চেন্নাইয়ের হয়ে তিনবার আইপিএল জয়ী হয়েছেন।

রবীন্দ্র জাদেজা তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে রাজস্থানের হয়ে। ওই বছর ১৪ ম্যাচে তিনি ১৩৫ রান করেন এবং রাজস্থানের প্রথম আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার পারফরম্যান্স দেখে তৎকালীন অধিনায়ক শেন ওয়ার্ন তাকে পরবর্তী মহাতারকা হিসেবে আখ্যা দিয়েছিলেন। ২০০৯ সালের পর রাজস্থানের সঙ্গে জাদেজার সম্পর্ক শেষ হয়। তবে ১৬ বছর পর আবারও রাজস্থানের সঙ্গে তার পথ মিলে গেল।

তবে এই অদলবদল মোটেও সহজ ছিল না। চুক্তির মাঝপথে কিছু সমস্যা দেখা দেয়। কারানকে দলের বিদেশি স্লটে জায়গা করতে হলে রাজস্থানের বিদেশি স্লট খালি থাকতে হতো, যা তখন সম্ভব ছিল না। অবশেষে, বিসিসিআই এই অদলবদলকে অনুমতি দিয়েছে।

ক্রিকবাজ জানায়, অনেক বিশ্লেষক মনে করছেন রাজস্থান এই অদলবদলে বেশি লাভ করেছে। কারণ তারা পাচ্ছে জাদেজা ও কারানকে। জাদেজা ও স্যামসনের পারিশ্রমিক সমান হলেও কারান আসছেন মাত্র ২.৪ কোটি রুপিতে। এক ফ্র্যাঞ্চাইজি সিইও বলেছেন, চেন্নাই এত সহজে জাদেজার মতো তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, এটা বিস্ময়কর।

সিইও আরও প্রশ্ন তোলেন, ধোনির অবসরের পর চেন্নাই দলের পোস্টারবয় কে হবে। তিনি বলেন, “এটা অবাক করার মতো যে একজন খেলোয়াড়, যিনি সিএসকে’র হয়ে তারকা পারফরমার ছিলেন, তাকে এত সহজে ছেড়ে দেওয়া হলো। এমএস ধোনির পর দলের মুখ হিসেবে কে থাকবে?”

চেন্নাই দলে বড় পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। ডেভন কনওয়ে জানিয়েছেন, তিনি এবার দল থেকে বাদ পড়েছেন। এছাড়া দীপক হুডা, রাহুল ত্রিপাঠী ও জেমি ওভারটনকেও রিটেনশনের আগে ছেড়ে দেওয়ার খবর শোনা যাচ্ছে। এই পরিবর্তনগুলো থেকে স্পষ্ট, চেন্নাই নতুন মৌসুমকে সামনে রেখে দলের রূপান্তরে যাচ্ছে এবং ধোনির পরবর্তী সময়ের জন্য পরিকল্পনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *