২০২৫ সালে সড়কে প্রাণ ঝরল ৯ হাজারের বেশি

স্বাধীন সংবাদ ডেস্ক:  

সদ্যসমাপ্ত ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, এ বছরে সারাদেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। আগের বছরের তুলনায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, নিহত বেড়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ এবং আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪ দশমিক ৮৭ শতাংশ।

রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, ২০২৫ সালে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল সবচেয়ে বেশি উদ্বেগজনক। এ বছর মোট ২ হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৭ দশমিক ০৪ শতাংশ। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯৮৩ জন এবং আহত হয়েছেন ২ হাজার ২১৯ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে সারাদেশে মোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৯ হাজার ৭৫৪ জন এবং আহত হয়েছেন ১৫ হাজার ৯৬ জন। এর মধ্যে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। নৌ-পথে ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত, ১৩৯ জন আহত এবং ৩৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে প্রতিবছরের মতো এবারও এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার মতে, এসব দুর্ঘটনায় বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকার বেশি। দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

পর্যালোচনায় আরও দেখা গেছে, দুর্ঘটনায় জড়িত ১ হাজার ২৮৮টি যানবাহনের পরিচয় শনাক্ত করা গেছে। এর মধ্যে বাস ১৪ দশমিক ৪৯ শতাংশ, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান ২২ দশমিক ৬০ শতাংশ, মোটরসাইকেল ২৮ দশমিক ৪৮ শতাংশ এবং ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৩ দশমিক ৫৪ শতাংশ।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনা ভয়াবহভাবে বাড়লেও এসব ঘটনা গণমাধ্যমে তুলনামূলক কম উঠে আসছে। তার মতে, ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং সেগুলোর অবাধ চলাচলের কারণেই জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *