জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে প্রতারণা করা হয়েছে: রিজভী

স্বাধীন সংবাদ ডেস্ক:


জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত মূল পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা সংযোজন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশনের কাছ থেকে এ ধরনের কাজ প্রত্যাশিত নয়।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে জন্মান্ধ এক ব্যক্তিকে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার গঠিত ঐকমত্য কমিশনকে দেশের মানুষ আস্থার সঙ্গে দেখেছে। কিন্তু সেই কমিশনের মাধ্যমে যদি এমন প্রতারণামূলক কাজ হয়, তাহলে জনগণের সেই আস্থা নষ্ট হবে।”

রিজভী অভিযোগ করে বলেন, “সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা ও বিশ্বাসের পরিবর্তে গোপনে নানা রকম কারসাজি করা হচ্ছে। বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা পরিবর্তন করে অন্য পৃষ্ঠা সংযোজন তারই উদাহরণ।”

তিনি আরও বলেন, “জুলাই সনদে মোট ৪৮টি ধারা রয়েছে। এটিকে আইনি রূপ দিতে হলে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যেতে হবে। সেই প্রক্রিয়ায় জনগণের অধিকার, গণতন্ত্র ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সরকার, কমিশন ও সংশ্লিষ্ট দলগুলোর উচিত হবে জনগণের আস্থা পুনরুদ্ধারে স্বচ্ছভাবে কাজ করা।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “জনগণের মতামত উপেক্ষা করে বা দলীয় স্বার্থে জাতীয় ঐকমত্যের ভিত্তি দুর্বল করা হলে সেটি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। আমরা চাই, জুলাই সনদের মূল প্রতিশ্রুতি ও লক্ষ্য বাস্তবায়িত হোক—যাতে দেশের মানুষ প্রকৃত পরিবর্তনের সুফল পায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *