মোঃ জাহাঙ্গীর আলম:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পাটতিল্লী এলাকায় মেসার্স বিথী স্টোর (প্রোঃ মোঃ নুরু মিয়া)-এর বিরুদ্ধে ঘিওর উপজেলায় টিএসপি সার পাচারের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বিকেলে তিল্লী ইউনিয়নের মেইন ডিলার বিএডিসি ও বিসিআইসি অনুমোদিত মেসার্স তিল্লী বাজার ফার্টিলাইজার (প্রোঃ প্রতাপ চন্দ্র সাহা) দোকান থেকে ৯ বস্তা টিএসপি সার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের বড়টিয়া গ্রামের মোঃ কাবিল (পিতা: চান মিয়া)-এর কাছে পাচার করা হয়।
অভিযোগে জানা যায়, পাচারকৃত ৯ বস্তার মধ্যে দুই বস্তা সার পচা অবস্থায় ছিল।
বড়টিয়া গ্রামের কাবিল বলেন, “আমি তিল্লী ইউনিয়নের খুচরা ডিলার মোঃ নুরু মিয়ার দোকান থেকে ৯ বস্তা টিএসপি সার কিনেছি। তবে তিনি আমাকে কোনো রিসিভ জারি করেননি।”
অন্যদিকে খুচরা ডিলার নুরু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার দোকান থেকে কেউ সার নেয়নি। বিষয়টি তিল্লী এলাকায় খোঁজ নিয়ে দেখা যেতে পারে।”
পাটতিল্লী উপসহকারী কৃষি কর্মকর্তা সুকান্ত বলেন, “এক উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য উপজেলায় পাচার করার কোনো সুযোগ নেই।”
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুম বলেন, “এক উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য উপজেলায় বিক্রি বা পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।”