চট্টগ্রামে পুলিশের উপর হামলা: কেব্‌ল চুরির ঘটনায় মামলা

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে রাস্তা কেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টিঅ্যান্ডটি এবং বিভিন্ন সরকারি–বেসরকারি সংস্থার আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটে। নগরীর চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ লিটন, আকবর হোসেন, সাজ্জাদ চৌধুরী অভি, মোহাম্মদ ফয়সাল, আরফান চৌধুরী, মোহাম্মদ শাহিন ও রমজান আলী সানি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এবং আশপাশ এলাকায় রাস্তার পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ড লাইনে নেয়া সরকারের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টিঅ্যান্ডটি, বেসরকারি মোবাইল অপারেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যবান তার মাটি খুঁড়ে চুরির ঘটনা ঘটছিল বহুদিন ধরে। এতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর স্বাভাবিক সেবা ব্যাহত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারাও ছিল ক্ষুব্ধ। পুলিশকে একাধিকবার অভিযোগ করা হয়েছিল।

পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে গোপন সূত্রে তথ্য সংগ্রহ করে। খবর পাওয়া যায়, মোহরা এলাকার গোলাপের দোকানের সামনে রাস্তা খুঁড়ে ক্যাবল চুরি হচ্ছে। গত ৩১ অক্টোবর রাত দেড়টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মুছার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায় এবং ৭ জনকে গ্রেপ্তার করে। পরে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা হলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। কেব্‌ল চুরি এবং পুলিশি কাজে বাধা দেয়ার ঘটনায় পৃথক দুটি মামলা আনা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা রোধে অবকাঠামো রক্ষায় আমরা সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *