টাঙ্গাইল আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।

আধুনিক এই বিশ্রামাগারে রয়েছে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পানকেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বলেন,

“আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে বিশেষ করে নারী বিচারপ্রার্থীদের যেন ন্যায়কুঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকের টয়লেট ও বিশ্রামের প্রয়োজন পড়ে, কিন্তু সুবিধা না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। এই ন্যায়কুঞ্জের মাধ্যমে সেই কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশা করি। যে উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে, সবার সহযোগিতায় সেটি সফল হবে।”

তিনি ন্যায়কুঞ্জটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশও দেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাওসার আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপনসহ আদালতের বিচারক, আইনজীবী ও কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *