মো. আব্দুল গফুর সিকদার:
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি দলের কাছে শুধু কর্মীরাই নিরাপদ নয়, দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোনো চাঁদাবাজ, জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই।
শনিবার দুপুর ১২টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
এর আগে বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরার বিদ্যুৎ সমস্যা সমাধান, চিকিৎসা সেবার উন্নয়ন, নৌযাতায়াত সমস্যা সমাধানের দাবির প্রেক্ষিতে তা সমাধানের আশ্বাসসহ চরফ্যাসন-মনপুরায় একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এছাড়াও নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সহিত ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন।
এই সময় তিনি আবেগাপ্লুত হয়ে এই মাটির সন্তান হিসেবে সকলের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।
পরে তিনি নিজেই স্লোগান দেন, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে”, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক।”
গণসংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্সের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরীসহ অন্যান্যরা।
এই সময় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।