৫ মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আইভী সারাদেশে একজন পজিটিভ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৮ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করতে গেলে কয়েক হাজার এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখেন। ছয় ঘণ্টা পর ৯ মে ভোরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সে সময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে, গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, জামিন পেলেও তিনি এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না। আদালতের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *