মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি শেল্টার হোম থেকে অর্ধশতাধিক বিড়াল উদ্ধার করেছে প্রাণী অধিকার সংগঠন অ্যানিমাল রাইটস বিডি।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওই এলাকা থেকে বিড়ালগুলো উদ্ধার করা হয়।
অ্যানিমাল রাইটস বিডির সদস্য সিফাত উল্লাহ জানান, শাহরিয়ার বিদ্যুৎ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই শেল্টার হোমে বিড়াল পালনের নামে অনুদান ও অর্থ সংগ্রহ করছিলেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ ও অবহেলিত বিড়ালের ছবি প্রকাশ করে ফান্ড সংগ্রহ করতেন।
তবে বাস্তবে প্রাণীগুলোকে না খাইয়ে অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন সংগঠনের সদস্যরা।
সিফাত উল্লাহ বলেন,
“শাহরিয়ার আমাদের কাছ থেকেও প্রতি বিড়ালের জন্য দৈনিক খরচ দাবি করত। এছাড়া সাধারণ মানুষের কাছ থেকেও বিড়াল পালনের প্রতিশ্রুতি দিয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিত। কিন্তু সেই অর্থ দিয়ে প্রাণীদের যত্ন না নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করত।”
অ্যানিমাল রাইটস বিডির দাবি, শাহরিয়ার বিদ্যুৎ ব্যক্তিগতভাবেও বিতর্কিত—তিনি নারায়ণগঞ্জে এক স্ত্রী ও গ্রামের বাড়িতে আরেক স্ত্রী নিয়ে বসবাস করেন।
অভিযোগের বিষয়ে শাহরিয়ার বিদ্যুৎ বলেন,
“আমি একাই সব কাজ করি। বিড়ালগুলোর সঙ্গেই থাকি, খাই, ঘুমাই। একা সব কিছু করতে না পারায় পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হয় না।”
তবে সংগঠনের সদস্যদের মতে, শাহরিয়ারের কথাবার্তা ও আচরণে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা গেছে। তারা বলেন,
“ওই স্থানটি কোনোভাবেই বিড়াল রাখার উপযুক্ত নয়। তাই আমরা প্রাণীগুলো উদ্ধার করেছি। ভবিষ্যতে যদি তিনি উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেন, তবে পুনরায় লালন-পালনের সুযোগ বিবেচনা করা হবে।”
সংগঠনটি জানায়, উদ্ধারকৃত বিড়ালগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।