মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস লাইন সংস্কারের দাবিতে সোমবার স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘ তিন বছর ধরে তারা নিয়মিত গ্যাস সংকটে ভুগছেন, যা তাদের দৈনন্দিন জীবন এবং রান্না-বান্না কার্যক্রমকে অত্যন্ত কঠিন করে তুলেছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ এবং শান্তিনগরসহ আরও কয়েকটি এলাকার মানুষও সড়ক অবরোধে যুক্ত হন।
মানববন্ধন শুরু হয় ভুক্তভোগী মনির হোসেনের আহ্বানে। তিনি বলেন, “আমরা তিন বছর ধরে গ্যাস সংকটে কষ্টে আছি। সরকারের নিকট আমরা দাবি জানাই, দ্রুত সমস্যার সমাধান হোক।” মানববন্ধন শুরু হওয়ার পর কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কার্যক্রম এক ঘণ্টারও বেশি সময় অব্যাহত থাকে।
মানববন্ধনে উপস্থিত হয়ে ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার আন্দোলনকারীদের দাবি সমর্থন করে দ্রুত তিতাস গ্যাস লাইন সংস্কারের আহ্বান জানান। এছাড়া বন্দর থানা বিএনপির সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহমেদ নাসিক ও তিতাস কর্তৃপক্ষকে দুই দিনের মধ্যে গ্যাস লাইন সংস্কারের কার্যক্রম শুরু করার তাগাদা দেন।
ভুক্তভোগীরা জানান, গ্যাসের অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আব্দুস সালাম বলেন, “ছোট চাকরির আয়ের মধ্যে সিলিন্ডার বা লাকড়ি কেনা খুবই কষ্টসাধ্য। আমার অর্ধেকের বেশি বেতন শুধু জ্বালানিতে শেষ হয়ে যায়।” হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কষ্টও বেড়েছে। সকালবেলা কাজ শুরু করার আগে গরম পানি পাওয়া যায় না। রান্না করতে গেলে লাকড়ির ধোঁয়া সহ্য করতে হয়। নিয়মিত বিল দেওয়ার পরও গ্যাস না পাওয়ায় হতাশা আরও বেড়ে গেছে।”
স্থানীয়রা জানান, যদি দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে। মানববন্ধন ও সড়ক অবরোধের মাধ্যমে বাসিন্দারা স্পষ্টভাবে তাদের অবস্থান ও তিতাস কর্তৃপক্ষের প্রতি চাপ প্রদর্শন করেছেন।