মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার  :

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত নাজমা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, নাজমা বেকারিতে কেক, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নোংরা ও স্বাস্থ্যবিধি পরিপন্থী পরিবেশে প্রস্তুত করা হচ্ছিল। এ অপরাধে বেকারিটির ম্যানেজার মোহাম্মদ হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেকারিটিকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে এবং স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের কঠোর নির্দেশনা প্রদান করে। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূরে আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *