স্বাধীন সংবাদ খেলা:
সৌদি প্রো লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম আরও একবার প্রমাণ করল আল নাসর। আল আখদাউদের বিপক্ষে ঘরের মাঠ আল আওয়াল পার্কে ৩-০ গোলের সহজ জয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে দলটি। ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি একটি গোল আসে আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সের পা থেকে।
শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। যদিও আল আখদাউদ শুরুতে হাই ডিফেন্স লাইন ভেঙে কাউন্টার অ্যাটাকের চেষ্টা চালায়। তবে লিগে মাত্র পাঁচ গোল হজম করা আল নাসরের রক্ষণভাগ প্রতিপক্ষকে কার্যকরভাবে আটকে রাখতে সক্ষম হয়। খালেদ নারেই কয়েকবার আক্রমণে হুমকি হয়ে উঠলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাননি।
১৬ মিনিটেই আল নাসর এগিয়ে যেতে পারত। রোনালদোর শট ক্রসবারের নিচে লেগে গোললাইন অতিক্রম করেছে বলে মনে হলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৩২তম মিনিটে সেট-পিস থেকে প্রথম গোলের দেখা পায় আল নাসর। জোয়াও ফেলিক্সের নেওয়া নিখুঁত কর্নারে আবদুলেলাহ আল-আমরি হেড করে বল বাড়িয়ে দেন দূরের পোস্টে, যেখানে রোনালদো জোরালো শটে জাল কাঁপান।
বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। মার্সেলো ব্রোজোভিচের ডান দিক থেকে দেওয়া নিচু ক্রসে এক স্পর্শেই নিকট পোস্টে বল পাঠিয়ে ব্রেস পূর্ণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে সুলতান আল গানামের ক্রস থেকে আবারও গোল করেছিলেন রোনালদো, তবে অফসাইডের কারণে সেটিও বাতিল হয়। এতে তার সপ্তম হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়।
দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় আল আখদাউদ ব্যবধান কমানোর চেয়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নাওয়াফ আল বুশালের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন জোয়াও ফেলিক্স। এই জয়ে টানা ১০ ম্যাচে জয় নিয়ে নতুন রেকর্ড গড়ল আল নাসর। লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা এখন চার পয়েন্টে এগিয়ে।