শ্রীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল ৭টি ককটেল-সদৃশ বস্তু: এলাকায় চাঞ্চল্য

মেহেদী হাসান:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের পাশে একটি পুকুর থেকে ককটেল-সদৃশ সাতটি বস্তু উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৮:১৫ ঘটিকায় মাওনা পিয়ার আলী কলেজের পেছনে অবস্থিত জাহাঙ্গীর নামক এক ব্যক্তির লিজ নেওয়া পুকুরে জেলেরা মাছ ধরতে যান। মাছ ধরার জন্য জাল ফেললে জালের সাথে লাল টেপে মোড়ানো সাতটি গোলাকার সন্দেহভাজন বস্তু উঠে আসে।

বস্তুগুলো দেখতে অবিকল ককটেল বা হাতবোমার মতো হওয়ায় মুহূর্তের মধ্যে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন।

পুলিশের তৎপরতা
ঘটনাটি দেখার পরপরই স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে পুলিশ পুকুরপাড় ও আশেপাশের এলাকাটি ফিতা দিয়ে ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে।

শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো আসলে বিস্ফোরক কি না তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ টিম বা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছানোর পর বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কে বা কারা, এবং কী উদ্দেশ্যে এই বস্তুগুলো পুকুরে ফেলে দিয়েছে, তা প্রশাসন খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *