নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ নং ওয়ার্ডের দক্ষিণ কদমতলী নয়াপাড়া ক্যানেল থেকে রোববার সকালে ড্রামের ভিতরে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার এস আই নুরে আলম ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে একটি ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। প্রাথমিক ধারণা, তাকে হত্যা করে লাশটি গোপন করার উদ্দেশ্যে ড্রামের মধ্যে ভরে ক্যানেলে ফেলা হয়েছে। নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি থানায় আনা হয়েছে এবং পি বি আই ও সি আই ডি দ্বারা পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে।
এদিকে, নিহতের নাম মোহাম্মদ আলী, পিতার নাম মোঃ শাহাবুদ্দিন, মাতার নাম রাজিয়া বেগম। নিহতের বর্তমান ও স্থায়ী ঠিকানা শাহানুর পাটোয়ারী বাড়ী, নীল কমল, মুন্সীরহাট, ওয়ার্ড ৮, উপজেলা চর ফ্যাশন, জেলা ভোলা।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন। পুলিশও জানিয়েছে, পরিচয় শনাক্তের পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।