আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, জনমনে স্বস্তি

মনিরুল ইসলাম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আন্তঃজেলা ডাকাতচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার বগাদী দক্ষিণপাড়া সড়ক এলাকা থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় রহিম ডাকাত নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রহিম ডাকাত আড়াইহাজার উপজেলার জালাকান্দী এলাকার রফিকুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, তিনি একই এলাকার কুখ্যাত ডাকাত সর্দার সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী ও ডানহাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের জারি করা তিনটি গ্রেফতারি পরোয়ানাও কার্যকর রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনার সঙ্গে রহিম ডাকাতের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার অপতৎপরতায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল।

এই গ্রেফতারের খবরে আড়াইহাজারের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল ডাকাতবিরোধী অভিযানের প্রশংসা করেন এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।

আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *