মোঃ আনজার শাহ:
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিবেদিতপ্রাণ সুমন এবার ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন।
গতকাল দুপুরে বরুড়া উপজেলার বিভিন্ন গ্রামে তার নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষের ঢল নামে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্থানীয় জনগণ ধানের শীষ প্রতীকে হাত তুলে সমর্থন জানান। প্রচারণার শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনী প্রচারণায় সুমন বলেন, “দীর্ঘ এক যুগের স্বৈরশাসন শেষে জনগণ এখন মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে। আমি প্রতিশ্রুতিবদ্ধ কুমিল্লা-৮ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে। ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি কৃষকের স্বপ্ন, সমৃদ্ধির প্রতীক।”
তিনি স্থানীয় সড়ক অবহার নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং যুব কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে অত্যাধুনিক কমিউনিটি ক্লিনিক, কৃষি যন্ত্রপাতি সহায়তা কেন্দ্র এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
স্হানীয় বাসিন্দা মাওলানা আবু ইউছুফ বলেন, “সুমন ভাই আমাদের মতো সাধারণ মানুষের কথা বোঝেন। উনি সংসদ সদস্য হলে আমাদের এলাকার চেহারা বদলে যাবে।”
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতিদিন শত শত স্বেচ্ছাসেবক ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী ক্যাম্পে যুক্ত হয়েছেন নারী, যুব ও ছাত্র সংগঠনের নেতারা।
বরুড়া উপজেলার একাধিক গ্রামে গণসংযোগে নেমে সুমন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “রাজনীতি আমার কাছে সেবার মাধ্যম। জনগণের ভোট পেলে প্রতিটি ওয়াদা পূরণে আমি বদ্ধপরিকর।”
নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন, সাংগঠনিক শক্তি ও গণসংযোগের কারণে জাকারিয়া তাহের সুমন এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। স্থানীয় জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং উন্নয়নের প্রত্যাশা তার প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলছে।
আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন বিভিন্ন গ্রামে গণসংযোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাকারিয়া তাহের সুমন।