ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারে ১০ পদাতিক ডিভিশনের জোরদার অভিযানিক কার্যক্রম

মোহাম্মদ হোসেন সুমন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কক্সবাজার অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১০ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিভিশনের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

জানানো হয়, গত ০৩ থেকে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও প্রশাসনের সমন্বয়ে মোট ৪৬টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চোরাকারবারি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৫৯ জন অপরাধী এবং ১,১৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

অভিযানকালে উদ্ধার করা হয় ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১১৪টি দেশীয় ধারালো অস্ত্র, বিভিন্ন নাশকতামূলক সরঞ্জাম, ৮,৪৫০ পিস ইয়াবা, ২,৩১১ লিটার দেশীয় মদ এবং ৪৯ লিটার বিয়ার। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখযোগ্য অভিযানসমূহ

গত ০৪ ফেব্রুয়ারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ব্যবসায়ী মিজান ও রাকিবসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৫০টি দেশীয় অস্ত্র, দেশীয় মদ, বিয়ার, বাইনোকুলার, সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইল ফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত এলাকায় ইয়াবা পাচারে এসব সরঞ্জাম ব্যবহারের কথা স্বীকার করে।

গত ০৭ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল এলাকায় একাধিক মামলার আসামি দুই সহোদর মামুন ও কায়ছারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে যথাক্রমে ১৮ ও ১৯টি মামলা রয়েছে। তল্লাশিতে ২০টি দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকি চার্জার উদ্ধার করা হয়।

এছাড়া, ০৫ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলার বার্মাপাড়া এলাকায় কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনে ৩৪৫ জন রোহিঙ্গা এবং ০৮ ফেব্রুয়ারি উখিয়ার বালুখালী এলাকায় পরিচালিত অভিযানে ৭৮৪ জন রোহিঙ্গা ও অবৈধভাবে আশ্রয়দাতা ২০ জন বাঙালি বাড়ির মালিককে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক মেলা নিরাপত্তা

আরও জানানো হয়, গত ২৩ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলা–২০২৬ উপলক্ষে বাঁশখালী আর্মি ক্যাম্প সার্বক্ষণিক চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে। এ মেলায় বিদেশি তীর্থযাত্রীসহ প্রায় ২০ থেকে ৩০ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রত্যয়

ব্রিফিংয়ে জানানো হয়, জনগণ যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করা হয়।

উপস্থিত ছিলেন লে. কর্নেল তানভীর আহমেদ, লে. কর্নেল সুপতা (এডিএসটি), সিনিয়র এএসপি মো. ফারুক (র‍্যাব-১৫), মেজর নাজমুস সাকিব (বিজিবি, রামু সেক্টর), মেজর ওমর ফারুক (জি-২, ইন্ট) এবং অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার (কক্সবাজার সদর সার্কেল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *