মনজুর আলম:
ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ইছাখালী এলাকায় কথা-কাটাকাটির জেরে এক যুবককে নির্মমভাবে খুন করা হয়েছে। নিহত কামাল (২৯) স্থানীয় মুক্তার আহমদের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার সাহিনু মেস্ত্রীর ছেলে সোলাইমানের সঙ্গে কামালের তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় সোলাইমান প্রথমে লাঠি দিয়ে কামালকে আঘাত করেন এবং পরে ছুরিকাঘাত করেন। এতে কামাল গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁও মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত সোলাইমান ও সাহিনু মিস্ত্রিকে গ্রেপ্তার করে। অভিযানে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও থানার চৌকস অফিসার আশরাফ জিকোসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, অভিযুক্ত সোলাইমান মাদকাসক্ত এবং এলাকার বখাটে যুবক। স্থানীয়রা খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।