মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নারায়ণগঞ্জে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) কালীর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান এবং কাঁচাবাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারে বিক্রিত পণ্যের মূল্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

পরিদর্শনের এক পর্যায়ে একটি কেকের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিন মোট ১টি মামলায় সর্বমোট ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শমিত রাজা। তিনি জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *