নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদী তীরবর্তী ট্রাইকম গ্রুপের একটি মালামাল আনলোডিং ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। প্রতিদিনের মতো সেদিনও একটি কার্গো জাহাজ থেকে গম আনলোডের কাজ চলছিল।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে গম নামাচ্ছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে গেলে ভারী ‘গ্র্যাব’ (লোহার দণ্ডযুক্ত অংশ) নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আলামিন (৩২) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়ে প্রাণ হারান।

আহত অবস্থায় আরেক শ্রমিক আমিন মিয়া (২৬)-কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় মিশু নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। তারা জীবিকার তাগিদে নারায়ণগঞ্জে এসে ঘাটে শ্রমিকের কাজ করতেন।

ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, “ক্রেনের গ্র্যাব পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবজেল হোসেন বলেন, “ঘটনার পরপরই আমাদের একটি টিম সেখানে পাঠানো হয়। তবে এর আগেই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অভিযোগ, অনেক সময় পুরনো বা ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করায় এমন দুর্ঘটনা ঘটে। তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *