ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ–এর বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে থানা পুলিশের একটি আভিযানিক দল ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকার মেসার্স রাসেদ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পূর্ব পাশে মীর আলমাস স্টোরে অভিযান চালায়। এ সময় দোকানের ভেতর থেকে কথিত ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুল মালেক (৪৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মীর আহমদের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ৬০০ পিস, যার মোট ওজন প্রায় ৬০ গ্রাম। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈদগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।