মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি প্রস্তুতি, মাদক ও জুয়ার মামলার ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় জুয়ার আসর থেকে নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) ফতুল্লা থানা পুলিশের নিয়মিত অভিযান চলাকালীন তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ফতুল্লা থানা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
পুলিশের অভিযান অনুযায়ী, শনিবার দিন ও রাতব্যাপী পৃথক অভিযানে ডাকাতি প্রস্তুতি, মাদক ও জুয়ার মামলার আসামিসহ বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত মোট ২৪ জনকে আটক করা হয়। অভিযানে জুয়ার আসরে হাতেনাতে কয়েকজন জুয়াড়িকে ধরা পড়ে এবং তাদের কাছ থেকে নগদ অর্থও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মাদক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক কয়েকজন পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে। ফতুল্লা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরে তাদের নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও উল্লেখ করেছে, মাদক, জুয়া ও সন্ত্রাস দমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।