স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় ‘সি ওয়ার্ল্ড রিসোর্টে’ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদকর্মীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে সদস্য সচিব তারেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামসুদ্দিন, সাতকানিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত এবং সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম বাবর, হারুন রশীদ ও ব্যবসায়ী নেতা নেজামুদ্দিন কোং, ফরিদুল আলম কোংসহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাতকানিয়ার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়ন যে ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছে, তা প্রশংসনীয়। ইফতার মাহফিলের মতো এমন আয়োজন পেশাদারিত্বের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতকানিয়ার সম্ভাবনাগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে অপসাংবাদিকতা রোধে এই সংগঠনের ঐক্যবদ্ধ অবস্থানকে সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই মিলে এক প্রীতিভোজে অংশ নেন।