সাংবাদিকরা জনগণের মুখপাত্র, আমরা জনপ্রতিনিধিরা জনগণের সেবক: এমপি আবুল কালাম

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

নারায়ণগঞ্জে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সাংবাদিকরা জনগণের মুখপাত্র আর আমরা জনপ্রতিনিধিরা জনগণের সেবক। জনগণের কল্যাণে কাজ করতে হলে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই দুইয়ের মধ্যবর্তী জায়গা হচ্ছে কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা। এখানে স্বচ্ছতা বজায় রাখতে পারলে নগরবাসী উপকৃত হবে।

তিনি আরও বলেন, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরেন বলেই প্রশাসন ও জনপ্রতিনিধিরা অনেক বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারেন। তাই সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে পারলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে এমপি আবুল কালাম আরও বলেন, ফটো সাংবাদিকদের পক্ষ থেকে যে দুটি বিষয় তার কাছে উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, শুধু ভালো লাগলেই হবে না, বাস্তবধর্মী কাজ করতে হবে। এখনও ভোটের কালি পুরোপুরি মুছে যায়নি, এর মধ্যেই তারা কাজ শুরু করেছেন। অতীতে সাংবাদিকদের কাছ থেকে তিনি সহযোগিতা পেয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা অনেক সময় তাদের কাজের গতি বাড়িয়ে দেয় এবং ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ সৃষ্টি করে। এজন্য তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। আগে রাষ্ট্রের তিনটি স্তম্ভ ছিল—বিচার, শাসন ও আইন বিভাগ। এখন গণমাধ্যমও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যম মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরে সমাজকে সচেতন করে এবং প্রশাসনকে দায়িত্বশীলভাবে কাজ করতে সহায়তা করে। ফটো সাংবাদিকদের উত্থাপিত দুইটি দাবির প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ফটো সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। তারা ছবির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরেন। অনেক সময় একটি ছবি হাজারো কথার চেয়েও শক্তিশালী বার্তা দেয়।

তিনি আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করলে তার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, কে এইচ মিলন, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক কাইয়ূম খান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য দিনার মাহমুদ এবং প্রয়াত তানভীর রনি ও মেহেদী হাসান নয়নের পরিবারের সদস্যরা।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *