মোহাম্মদ হোসেন হ্যাপী:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুইটি পরিবহন কাউন্টারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও র্যাব সূত্রে জানা যায়, চাষাড়া এলাকার বিভিন্ন বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পিংকি পরিবহন কাউন্টারে গিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় এবং দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারায় কাউন্টারটিকে ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
একই সময়ে পরিচালিত অপর একটি অভিযানে সুপার লাইন পরিবহনের কাউন্টারেও একই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ওই কাউন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। অভিযান শেষে উভয় কাউন্টার থেকেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি পরিবহন মালিক ও কাউন্টার সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত ভাড়া মেনে চলা এবং দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টানিয়ে রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।