দেশ গড়ার লক্ষ্য নিয়ে মিরসরাইয়ে বামনসুন্দর খাল পুনঃখননের উদ্বোধন

এন. আলম রাসেল চৌধুরী:

দেশের উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বামনসুন্দর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নদী-নালা, খাল-বিল ও জলাধার পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব। এর মাধ্যমে এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নত হবে।

বক্তারা আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশের উন্নয়ন ও মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ডা. মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রামের পুলিশ সুপার মো. নাজির আহমেদ খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, আলমগীর হোসেন, সরোয়ার হোসেন সেলিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *