মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলীতে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি ইউনিয়নের ১৭০টি মসজিদে পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে। ইসলামিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগকে একটি অনুকরণীয় মানবিক কার্যক্রম হিসেবে অভিহিত করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে ৯ নং শিলমুড়ি ইউনিয়ন, ১০ নং উত্তর শিলমুড়ি ইউনিয়ন এবং ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের মধ্যে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। তিনি বলেন, “মসজিদ পরিচ্ছন্ন রাখা ইবাদতের অংশ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদের অনুপ্রাণিত করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মো. শাহ আলম, বিদ্যালয়ের দাতা সদস্য শাহ আলম বাবুল এবং গোলাম মাওলা বাদল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়নগর মাদ্রাসার সুপার ফরিদ উদ্দিন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েম বলেন, “মরহুম আবু তাহেরের স্মৃতিকে অম্লান রাখতে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মসজিদের পরিচ্ছন্নতা নিশ্চিত করা একটি ধর্মীয় ও নৈতিক দায়িত্ব — এই বিশ্বাস থেকেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু বলেন, “মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি মহৎ আদর্শের প্রতীক। এই ফাউন্ডেশন যেভাবে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে এগিয়ে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। একজন মহৎ মানুষের স্মৃতিকে ধারণ করে তাঁর উত্তরসূরিরা আজ যে মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করছেন, তা এলাকার মানুষের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।”
উল্লেখ্য, পবিত্র রমজান মাসকে সামনে রেখে মসজিদগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।