কামরুল ইসলাম:
চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের সাতকানিয়ার বিওসি মোড় ও ওয়াফদা সংলগ্ন এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দিলে দুই ব্যাটারি রিকশা যাত্রী নিহত হন। এছাড়াও আরও ছয়জন গুরুতর আহত হন।
নিহতরা হলো দোহাজারী পৌরসভা ২নং ওয়ার্ডের দাশপাড়ার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর (৫৫) এবং একই এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে বাবুল দে প্রকাশ বালি (৬৫)। আহতদের মধ্যে রয়েছেন দিলীপ মল্লিক (৬৫), টিকলু বিশ্বাস (৪০), প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০) ও মশিউর রহমান (৪৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালেই দোহাজারী শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্বোধন উপলক্ষে কয়েকজন ব্যক্তি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়কে নিমন্ত্রণ করেন। নিমন্ত্রণ শেষে তারা একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে দোহাজারী ফিরছিলেন। পথে পেছন থেকে আসা প্রাইভেট কারটি রিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রিকসা ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে।
প্রাথমিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রনজিত ধর ও বাবুল দে মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও রিকসা জব্দ করেছে। ওসি মোঃ সালাহ উদ্দীন চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।