সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ কারবারি গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ২১০ পুরিয়া হেরোইন, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৮ মার্চ ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সানারপাড়, বাগমারা, লন্ডন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে আসামিদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সজীব (২৫), হাবিব (২১), অনিক আহম্মেদ (২০), আব্দুল্লাহ আল রাফি হৃদয় (১৯), শাহ আব্দুল সামাদ (২০), সিনথিয়া মনি (২৭), সোহাগ (৩৫), রুবেল (২৯), জনি (৪০), রিয়াজ (২৮), লিপি আক্তার (৪০) এবং আব্দুল আজিজ সাব্বির (২৮)। তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসা পরিচালনা করতেন।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকার জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *