সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

আব্দুর রশিদ:

গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রভাষক মামুনুর রহমানকে আহ্বায়ক, মোঃ আলফাত হোসেন ও প্রভাষক মিজানুর রহমানকে যুগ্ম আহ্বায়ক, রুবেল গাইনকে সদস্য সচিব এবং মোঃ রবিউল ইসলামকে যুগ্ম সদস্য সচিব করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

“বৈষম্যহীন, গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ গড়ার লড়াই এবং বর্তমান বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় জেলা সংগঠক মোঃ আলফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশীদ নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরি সোহেল।

রুবেল গাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুর রশিদ, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ মামুনুর রহমান, প্রভাষক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, মাস্টার ফজলুল হক, মোঃ সুরাত আলী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মফিজুল ইসলাম, মোঃ আশরাফ সরদার, মাস্টার আব্দুল জব্বার, মোঃ ইউনুস আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আব্দুর রশীদ নিলু বলেন, “১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—এই তিনটি ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বহু ত্যাগ-তিতিক্ষা ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, তা স্বাধীনতার পাঁচ দশক পরও পূরণ হয়নি। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে মহান স্বাধীনতার ঘোষণাপত্রের এই তিন মূল ভিত্তির আলোকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে লড়াই করে যাচ্ছে।” তিনি সাতক্ষীরার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক সমস্যা নিরসণ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।

দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে ১৮ সদস্যবিশিষ্ট সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি নির্বাচিত হয়। আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ মামুনুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাংবাদিক মোঃ আলফাত হোসেন এবং প্রভাষক মোঃ মিজানুর রহমান। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী রুবেল গাইন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রভাষক গোরাম মোস্তফা, মাস্টার আমিনউদ্দীন, মাস্টার ফজলুল হক, মোঃ আব্দুর রশিদ, জি.এম মাহফুজ, মোঃ সুরাত আলী, মোঃ ইউনুস আলী, প্রভাষক যামিনী কুমার মণ্ডল, সঙ্গীতশিল্পী নাসরিন নাজরানা বেবি, পুরোহিত সুকুমার চক্রবর্তী, প্রভাষক স্বপ্না রানী সিংহ এবং প্রভাষক মোঃ নাজমুল হুদা।

উক্ত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *