নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফার্নিচার কারখানায় আগুন, ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারের কাঠের বাজারে ফইজুল্লার মালিকানাধীন ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কারখানার মালিক ফইজুল্লা গণমাধ্যমকে জানান, রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে তিনি সংবাদ পান যে তার কারখানায় আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাজারে চলে আসেন এবং এসে দেখেন আগুন লাগার সংবাদে জড়ো হওয়া লোকজন যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করছে।

এ সময় আড়াইহাজার ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও এরই মধ্যে কারখানাটির প্রায় অর্ধেক মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। এতে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে মালিক পক্ষের দাবি, কেউ প্রতিহিংসামূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুনের ঘটনা শুনেছেন, তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে আইন অনুযায়ী ঘটনা তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *