মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিপণন কার্যক্রম সঠিকভাবে তদারকি নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো নারায়ণগঞ্জ সদর উপজেলাতেও এই উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের ওপর নিয়মিত মনিটরিং জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মিজ নিলুফা ইয়াসমিন। তিনি তার বক্তব্যে বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি অত্যন্ত জরুরি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় পেট্রোল পাম্পগুলোতে অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, প্রতিটি পেট্রোল পাম্পে নির্ধারিত ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে নিয়মিত মনিটরিং কার্যক্রম আরও গতিশীল করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কারসাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়। তাদেরকে প্রতিটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং বিক্রয় কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে দৈনিক প্রতিবেদন দাখিলের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন প্রতিটি ফিলিং স্টেশনের জন্য আলাদা ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, যাতে করে কোনো ধরনের অনিয়ম বা সংকট দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে জ্বালানি পেতে উপকৃত হবেন।