শিবগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মোমেনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন একই গ্রামের বাসিন্দা বাবু সরকারের স্ত্রী।

নিহতের মেয়ে শেফালী বলেন, “আমার ফুফু তানজিলার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব ছিল। আমার মায়ের ৫ শতক বাড়ির জায়গা এবং আমার ৪ শতক জায়গা নেওয়ার জন্য সে উঠে পড়ে লাগছিল। সেই জের ধরে সকালে আমার সাথে বাকবিতণ্ডা ও মারামারি শুরু হয়। একপর্যায়ে আমার মা এগিয়ে আসলে ফুফু তানজিলা, ফুফাতো ভাই জেলাল ও জেলালের স্ত্রী স্বপ্না মাকে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মা মারা যান।”

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *