সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় কেপিএলের বর্ণাঢ্য উদ্বোধন

আব্দুর রশিদ:

সাতক্ষীরার খড়িবিলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘খড়িবিলা প্রিমিয়ার লিগ (কেপিএল) নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী নিয়ম ও টানটান উত্তেজনার এই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমায় শত শত ক্রীড়ামোদী গ্রামবাসী।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, ৭ নম্বর ওয়ার্ড আমির হাফেজ মাওলানা নুরুল হক এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

শর্ট পিস ফরম্যাটের এই টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে ভিন্নধর্মী নিয়ম। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটসম্যান ‘ছক্কা’ মারলেই আউট বলে গণ্য হবেন, তবে চার মারলে যথারীতি রান যোগ হবে—যা খেলায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম আমিনুর ও টিম রাদিত। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় টিম আমিনুর জয়লাভ করে টুর্নামেন্টে শুভসূচনা করে।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা ও দলগত চেতনার প্রতীক। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

বক্তারা বলেন,
“হাতে মাদক কিংবা মোবাইলে ফ্রি-ফায়ার ও জুয়া নয়, তরুণরা তুলে নিক ব্যাট আর বল। মাদককে ‘না’ বলে এবং খেলাধুলাকে ‘হ্যাঁ’ বলে সুস্থ শরীর ও সতেজ মনে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এলাকার যুব সমাজকে অনলাইন গেম ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। গভীর রাত পর্যন্ত চলা এই টুর্নামেন্টকে ঘিরে পুরো খড়িবিলা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *