মোহাম্মদ হোসেন হ্যাপী:
নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত মো. হৃদয় হোসেনকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় নাটোর জেলার বড়াইগ্রাম থানার পারবোর্নী গ্রামের মো. কোরবান আলীর ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে ওই স্কুলছাত্রী তার বাবার সঙ্গে জোনাইল বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা হৃদয় তাকে জোরপূর্বক কাঁধে তুলে নিয়ে পাশের একটি ঘাসের জমিতে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। তবে দুঃসাহসিক এই যুবক সেখানেই থেমে থাকেনি; মেয়েটি কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে দ্বিতীয়বার তার পথরোধ করে পুনরায় হেনস্তা করার চেষ্টা করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে পলাতক হৃদয়কে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জে তার অবস্থান নিশ্চিত করে র্যাব-১১ এর একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব জানায়, অপরাধীকে ইতোমধ্যে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।