নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। আজ ১১ এপ্রিল, ২০২৬ খ্রি. শনিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা স্মারক ও চেক তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি। এই বীরত্বগাথা আমাদের জাতীয় গর্ব। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই আজ আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। এ ধরনের সম্মাননা আয়োজন মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে চেক তুলে দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।