নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইমদাদুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

এম. ওবায়েদুল কবীর:

নরসিংদীর বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা এবং মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মীর ইমদাদুল হক সাহেবের ২১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সাটিরপাড়াস্থ বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মীর সাজ্জাদ হোসেন।

স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা সুমন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা মরহুম মীর ইমদাদুল হকের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি কেবল একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, বরং নরসিংদীর শিক্ষা বিস্তারে তার অবদান অবিস্মরণীয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আমৃত্যু কমান্ডার হিসেবে তিনি যেমন রণক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন, তেমনি সমাজ বিনির্মাণে তার প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ আজ হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি শাহেন শাহ্ মোহাম্মদ শানু, নরসিংদী শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আসলাম ভূঁইয়া, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল হক খান রায়হান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ সন্তান মীর খালেদা হাসান তারেক, কন্যা মীর ফারজানা হক, জনতা ব্যাংক নরসিংদী শাখার সাবেক ম্যানেজার মো. শাহ আলম এবং বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।

সভার শেষ পর্যায়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাঙ্গামাটিয়া ঈদগাহ জামে মসজিদের খতিব মুফতি নাজমুল হাসান। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *