ডাব খাওয়ার বিরোধে কিশোর গ্যাংয়ের ছেনির আঘাতে যুবকের মৃত্যু

 

মোঃআনজার শাহ :

কুমিল্লার বরুড়ায় ডাব খাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় গুরুতর আহত এক যুবক চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

নিহত রাকিব হোসেন (২৪) বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের মিয়া বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে (শুক্রবার) একদল কিশোর গ্যাং সদস্য ডাব খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রাকিব হোসেনকে ডাব কাটার ছেনি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন।

রাকিবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বরুড়া এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, “আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। ডাব খাওয়াকে কেন্দ্র করে তাকে ছেনি দিয়ে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত সকল পদক্ষেপ নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *