অনলাইন ডেস্ক :
মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির Shafiqur Rahman। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবন ও জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং তা জনস্বার্থবিরোধী হিসেবে বিবেচিত হবে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।”
তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানোর প্রয়োজন হতে পারে। তবে নিত্যপ্রয়োজন ও কর্মসংস্থানের জন্য মোটরসাইকেলের ওপর নির্ভরশীল মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়।
জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এ ধরনের কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি সাধারণ মানুষের স্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপের সম্ভাব্য আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা দৈনন্দিন যাতায়াত ও জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।