বিপ্লবের সুরে ঈদে নতুন গান নিয়ে আসছেন তানজিনা রুমা

স্বাধীন সংবাদ বিনোদন:

দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন কণ্ঠশিল্পী তানজিনা রুমা। আধুনিক গান, চলচ্চিত্রের গান ও বিভিন্ন মিউজিক প্রজেক্টে নিয়মিত কাজের মাধ্যমে তিনি তৈরি করেছেন আলাদা শ্রোতাপ্রিয়তা। এবার তিনি আসছেন নতুন গান ‘তারপর’ নিয়ে, যা প্রকাশ পাচ্ছে ‘জেট ল্যাগ ভালোবাসা’ সিরিজের গান হিসেবে।

এর আগে ২০২৩ সালের রোজার ঈদে তানজিনা রুমা ও বিপ্লব-এর দ্বৈত কণ্ঠে প্রকাশিত হয়েছিল জনপ্রিয় গান ‘জেট ল্যাগ ভালোবাসা’, যা প্রকাশের পর শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং তরুণ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় গত ঈদুল ফিতরে ‘জেট ল্যাগ ভালোবাসা’ পার্ট-টু রিলিজ হয়। এই অসাধারণ সুন্দর গানটির নতুন আরেকটি সংস্করণ এবার ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পাবে, যার শিরোনাম হচ্ছে ‘তারপর’।

গানটি এবার সম্পূর্ণ সলো ভার্সনে গেয়েছেন তানজিনা রুমা। এটি ‘জেট ল্যাগ ভালোবাসা’ সিরিজের গান হলেও এই পর্বে তিনি একাই কণ্ঠ দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, গানটিতে প্রেম, অনুভূতি ও সম্পর্কের আবেগঘন দিকগুলো তুলে ধরা হয়েছে। আগের গানের আবহ বজায় রেখে এতে যুক্ত করা হয়েছে নতুন সংগীতায়োজন ও ভিন্নধর্মী উপস্থাপনা।

গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে ‘বিপ্লব প্রো’ ইউটিউব চ্যানেল থেকে। নতুন এই প্রজেক্ট নিয়ে আশাবাদী তানজিনা রুমা। তার বিশ্বাস, সিরিজের আগের গানের মতো এবারও ‘তারপর’ শ্রোতাদের ভালোবাসা পাবে।

সংগীতাঙ্গনে দীর্ঘ পথচলায় তানজিনা রুমা বরাবরই আবেগঘন গায়কী ও মেলোডিয়াস কণ্ঠের জন্য প্রশংসিত। নতুন এই গান দিয়েও তিনি আবারও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *