ঝালকাঠিতে চাঁদা দাবি করায় যুবক আটক, থানায় সোপর্দ

আমির হোসেন:

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার (৪৫)-এর কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে এলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার তাকে আটক করেন। পরে গণপিটুনির পর রাজাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাজাপুর থানার এসআই মো. সাইমন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অনি সিকদারকে হেফাজতে নেন। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে পুলিশ আটক ব্যক্তিকে এবং ভুক্তভোগীকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *