উর্মি হত্যার বিচার দাবিতে উত্তাল কক্সবাজার শহর ডিসি-এসপিকে স্মারকলিপি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে আলোচিত উর্মি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, উর্মি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার আসামিরা গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মো.নাজিম উদ্দিন,সাংবাদিক মো. আলম,সাংবাদিক আব্দুল গফুর, শফিক, হেল্প ইউথ ক্লাবের সভাপতি মো.আব্দুর রহিম বাবু এবং খুরুশকুল সমাজ কমিটির সভাপতি মো. আলম মোঃ ফেরদৌসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “উর্মি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা ক্ষুণ্ন হবে। তাই তদন্তের স্বার্থে দ্রুততম সময়ে সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার বিকল্প নেই।”
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উর্মি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, যুবসমাজ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। তারা দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
