মোহাম্মদ হোসেন হ্যাপী:
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রীনা আহমেদ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক শীলা সরকার এবং ব্রাঞ্চ এক্সিকিউটিভ সুজাতা আফরোজ। এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরাও উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে নারী ও শিশু উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ইউএনও এস এম ফয়েজ উদ্দিন মহিলা পরিষদের দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত নারীদের পুনর্বাসন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, চিকিৎসা সহায়তা, কম্পিউটার প্রশিক্ষণ, মেধাবী প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ প্রদান, জেন্ডার সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা, সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ এবং নারী উদ্যোক্তাদের সহায়তার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, সংগঠনের চলমান কার্যক্রমের সঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির যথেষ্ট মিল রয়েছে। প্রশাসনের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
সাক্ষাৎকালে প্রত্যয়নপত্র প্রদানে দীর্ঘসূত্রিতার বিষয়টি নেতৃবৃন্দ ইউএনও’র নজরে আনলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর অল্প সময়ের মধ্যেই প্রত্যয়নপত্র প্রস্তুত করে নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
এ জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।