ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে গরুর বাজারে চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় আরও একজনকে আটক করেছে ঈদগাহ থানা পুলিশ।
৮ জুন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হক অভিযান চালিয়ে ঈদগাহ সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়া থেকে ছৈয়দ হোছন (৩২), পিতা মোক্তার আহমদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক ঈদগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোক্তার আহমদের পুত্র এবং ঈদগাঁও থানায় দায়েরকৃত মামলা নম্বর-৩ এর এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। এ মামলার মোট আসামির সংখ্যা ৬ জন। মামলাটি ৭ জুন এজাহার দাখিল করা হয়, যার ধারা ৩৭৯, ৪১১/৩৪।
মামলার বাদী খালেদ হোছাইন (৪২) চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে বর্তমানে তিনি গরুর বাজার (জাগিরপাড়া) এলাকায় বসবাস করেন।
একই এলাকার জনৈক এনামুল হকের নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাটি ঘটে গত ২ জুন গভীর রাতে।
৬ জুন বিকেলে প্রথমে আটককৃত দু’জনের স্বীকারোক্তির ভিত্তিতে বাঙারী মালামালের দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আলোচ্য ছৈয়দকে গ্রেফতার করা হয়। প্রথমে আটককৃতরা হলো ঈদগাঁও চান্দের ঘোনা এলাকার মো. জাহেদুল ইসলাম সিফাত (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার মো. আরাফাত (২৪)। অভিযানে বাঙারী দোকানদার মো. ফারুক (৪৫)-কেও আটক করা হয়। তার বাড়ি চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকায়। বর্তমানে তিনি গরুর বাজার (জাগিরপাড়া) এলাকায় বসবাস করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় প্রথমে তিনজন এবং পরে আরও একজনকে আটক করা হয়েছে। বাকি দু’জন এখনও পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, গরুর বাজার এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধ এবং বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।