সিএমপির ৫ থানায় নতুন ওসি পদায়ন

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচটি থানায় পুলিশ পরিদর্শক (ওসি) পদে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ কার্যকর করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার দায়িত্ব থেকে আসা ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানায় দায়িত্ব দেওয়ার দিনেই সিটিএসবিতে বদলি করা হয়েছে। একই সঙ্গে সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।

এ ছাড়া চকবাজার থানার বর্তমান ওসি বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে বদলি করে চকবাজার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন। নতুন এই পদায়নের মাধ্যমে সিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *