এআই প্রতারকদের বিরুদ্ধে তিন প্রবীণের রোমাঞ্চকর লড়াই, আসছে ‘দাদী ভয়ঙ্কর’

বিনোদন ডেস্ক  ::

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক সাইবার অপরাধের ভয়াবহতা এবং তার বিরুদ্ধে তিন প্রবীণের সাহসিকতাপূর্ণ প্রতিরোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী নাটক ‘দাদী ভয়ঙ্কর’। পারিবারিক আবহ, প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার এবং রোমাঞ্চকর অভিযানের সমন্বয়ে নির্মাতা রাহাত কবির দর্শকদের জন্য নিয়ে আসছেন ভিন্ন স্বাদের এই নাটক।

নাটকের কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছেন দেশের তিন কিংবদন্তি অভিনয়শিল্পী—দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান এবং প্রিয়ন্তী উর্বী।

নির্মাতা রাহাত কবির জানান, নাটকের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দিলারা জামান অভিনীত ‘দাদী’। বয়সের ভারকে উপেক্ষা করে তিনি বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান। প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার এই যাত্রায় তার সবচেয়ে বড় সহযাত্রী প্রিয় নাতি জায়ান, যে চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। দাদী-নাতির সম্পর্কটি বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক আস্থায় ভরপুর।

জায়ানের উৎসাহে দাদী একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গিয়ে তিনি খুঁজে পান স্কুলজীবনের হারিয়ে যাওয়া এক পুরোনো বন্ধুকে, যার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। কিন্তু আনন্দের এই মুহূর্ত বেশিদিন স্থায়ী হয় না। এক চতুর সাইবার প্রতারক চক্রের ফাঁদে পড়ে আশির কোঠায় থাকা এই দাদী হারিয়ে ফেলেন জীবনের সব সঞ্চয়।

তবে এখানেই শেষ নয়। প্রতারণার শিকার হয়ে ভেঙে না পড়ে বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন তিনি। এরপর স্কুলজীবনের দুই বন্ধু—আবুল হায়াত ও ডলি জহুরকে সঙ্গে নিয়ে শুরু করেন এক দুঃসাহসিক অভিযান। প্রযুক্তিকে হাতিয়ার করেই তারা মুখোমুখি হন এআইনির্ভর প্রতারক চক্রের। উত্তেজনা, আবেগ, হাস্যরস এবং সচেতনতামূলক বার্তায় এগিয়ে যায় নাটকের গল্প।

বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সম্পাদনা শেষে প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির তারিখ ঘোষণা করবে। খুব শিগগিরই নাটকটি ‘এসআরকে টিভি’ এবং ‘এসআরকে টিভি প্লাস’ ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *