নারায়ণগঞ্জ উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: মাশুকুল ইসলাম রাজিব

মোহাম্মদ হোসেন হ্যাপী:

“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ”—এই প্রতিপাদ্যকে ধারণ করে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬।

শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর জোহরা বিনতে আবেদীন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ইন্সট্রাক্টর মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর মো. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর জেবুন নাহার।

প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, সামনে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার আওতায় নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন করা হবে। আমি চাই, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।

তিনি শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, নীতিবোধ, আদর্শবোধ এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি তারা কতটা সচেতন ও অনুগত, তা পর্যবেক্ষণ ও সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ওপরও বর্তায়।

অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, শুধু লেখাপড়া নয়, শিক্ষার্থীদের মেধার বিকাশ, মানসিক উৎকর্ষ এবং নৈতিক চরিত্র গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রতিবছর এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি।

তিনি আরও বলেন, শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কর্মসংস্থানের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই প্রত্যেক মানুষকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উপার্জনের সক্ষমতা গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *