মনজুর আলম:
কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর দাবিতে রেলপথ উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
ওই আবেদনে তিনি উল্লেখ করেন, ইসলামাবাদ ইউনিয়ন কক্সবাজার জেলার একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। চিংড়ি ও লবণ চাষের জন্য অঞ্চলটি সুপরিচিত। এছাড়া বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ইসলামপুর লবণশিল্প এলাকাও এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র।
পূর্বে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিত। কিন্তু অজ্ঞাত কারণে সেই যাত্রাবিরতি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, পর্যটকসহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
এ পরিস্থিতিতে জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোকাল ট্রেন এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এই সংসদ সদস্য।